‘নিয়মরক্ষার’ ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বজয়ী কোচের অধ্যায় …see more

‘নিয়মরক্ষার’ ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বজয়ী কোচের অধ্যায় স্পোটস ডেস্ক :: ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ে দেশমের ১৪ বছরের অধ্যায়ের শেষ হতে যাচ্ছে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবারও মাঠে নেমেছিলেন তিনি। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেই দায়িত্ব ছাড়তে হবে বিশ্বকাপজয়ী এই কোচকে। বাংলাদেশ সময় রবিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টায় মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি দেশমের জন্য শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ফরাসি জাতীয় দলের ডাগআউটে তার দীর্ঘ ও সফল যাত্রার শেষ অধ্যায়। ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর দেশম দলটিকে বিশ্বের অন্যতম ধারাবাহিক শক্তিতে পরিণত করেন। তার অধীনেই ২০১৮ বিশ্বকাপে শিরোপা জেতে ফ্রান্স। এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠলেও আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয় তারা। এবারের আসরেও দলকে সেমিফাইনালে তুলেছেন তিনি। ফলে টানা তিনটি বিশ্বকাপে অন্তত শেষ চারে খেলেছে ফ্রান্স। ৫৭ বছর বয়সী দেশমের ইচ্ছা ছিল, শিরোপা জিতেই দায়িত্ব ছাড়বেন। কিন্তু সেমিফাইনালে বিদায়ের কারণে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। এখন তার শিষ্যদের সামনে শেষ সুযোগ, জয় দিয়ে বিদায় জানানো এমন একজন কোচকে, যিনি এক যুগের বেশি সময় ধরে ফ্রান্সকে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যদিও ম্যাচটি নিয়ে দুই দলের আগ্রহ খুব বেশি নেই। ইংল্যান্ড কোচ টমাস টুখেলও বলেছেন, কোনো খেলোয়াড়ই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই ফাইনালে খেলতে চায়। তাই দুই দলই একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন আট, যা লিওনেল মেসির সমান। গোল্ডেন বুটের লড়াইয়ের পাশাপাশি দেশমকে জয়ের হাসিতে বিদায় দেওয়ার লক্ষ্যও থাকবে ফরাসি তারকার সামনে। তাই অনেকের কাছে ম্যাচটি গুরুত্বহীন মনে হলেও, দিদিয়ে দেশমের জন্য এটি হবে আবেগঘন এক বিদায়ের মঞ্চ। ফ্রান্সের দীর্ঘ সফল এক অধ্যায়ের শেষ সাক্ষী হয়ে থাকবে মায়ামির এই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *