পপসংগীত তারকা লেডি গাগা প্রথম সন্তানের মা হয়েছেন। বাগ্দত্তা মাইকেল পোলানস্কির ঔরসে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা। গাগার ঘনিষ্ঠ একটি সূত্র পিপল সাময়িকীকে এ তথ্য জানিয়েছে। তবে সন্তানের জন্মের তারিখ, নাম সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গাগার মা হওয়ারখবরটি প্রথমে প্রকাশ করে বিনোদনবিষয়ক গণমাধ্যম পেজ সিক্স।
ভক্তদের কাছে লেডি গাগা বহু বছর ধরেই ‘মাদার মনস্টার’ নামে পরিচিত। এবার সেই ডাকনাম যেন নতুন অর্থ পেল। দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছার কথা বলে আসছিলেন এই গায়িকা। ২০১৯ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে নিজের আগামী ১০ বছরের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন তিনি। সেখানে সিনেমায় আরও কাজ করার পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
গাগা বলেছিলেন, ‘আমি আরও সিনেমায় কাজ করতে চাই, আমি সন্তান নিতে চাই।’
‘মা হওয়া আমার পরবর্তী প্রধান চরিত্র’
২০২০ সালের মার্চে ইনস্টাইল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছা নিয়ে আরও খোলামেলা কথা বলেন গাগা। তিনি বলেন, ‘আমি সন্তান নেওয়ার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত। মা হওয়ার জন্য মুখিয়ে আছি। ভাবুন তো, আমরা কী অসাধারণ কাজ করতে পারি! নিজের শরীরের ভেতর একটি মানুষকে ধারণ করে তাকে বেড়ে উঠতে সাহায্য করি। এরপর সে পৃথিবীতে আসে, আর তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের।’
ভক্তদের কাছে ‘মাদার মনস্টার’ হিসেবে পরিচিত হওয়ার প্রসঙ্গও উঠে আসে সেই সাক্ষাৎকারে।
মাতৃত্বের আকাঙ্ক্ষার কথা আরও একবার প্রকাশ্যে আসে ২০২৫ সালের অক্টোবরে। দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় গাগা বলেন, জীবনে অনেক কিছু করতে চান তিনি। তবে তাঁর সবচেয়ে বড় ইচ্ছা, মা হওয়া।