পঞ্চগড়ে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন জেলা ওলামা দলের সদস্য ও একটি মসজিদের খতিব মো. শহিদুল ইসলাম। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় চিনিকল কলোনির কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের দাবি, মঙ্গলবার বিকেল থেকে ওই নারী শহিদুল ইসলামের চিনিকলের কোয়ার্টারে অবস্থান করছিলেন। রাতে খাবার কিনতে তিনি মিলগেট বাজারে গেলে কয়েকজন স্থানীয় যুবকের সন্দেহ হয়। তারা ওই নারীকে অনুসরণ করে শহিদুল ইসলামের বাসায় যান। পরে বাসায় ঢুকে আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পান বলে দাবি স্থানীয়দের।
এ সময় সেখানে হট্টগোল শুরু হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও ওই নারীকে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুল ইসলামকে থানায় আনা হয়। পরে শুধু শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেননি।