ডিজিটাল যুগে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি বাড়িয়েছে নতুন ধরনের ঝুঁকিও। ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা এখন আর বিরল নয়। কখনো হ্যাকিং, কখনো প্রতারণা, কখনো সম্পর্কের অবনতি, আবার কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিওও মানুষের ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা মাথায় দ্রুত কিছু পদক্ষেপ নিলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। আতঙ্কিত না হয়ে পরিস্থিতি বুঝুন নিজের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার খবর শুনে স্বাভাবিকভাবেই মানসিক চাপ তৈরি হয়। তবে প্রথমেই নিশ্চিত হতে হবে, ভিডিওটি সত্যিই আপনার কি না, নাকি সম্পাদনা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। একই সঙ্গে এটি কোথায় এবং কীভাবে ছড়াচ্ছে, সেটিও বোঝার চেষ্টা করুন। ভিডিওটি যে প্ল্যাটফর্মে রয়েছে, তার লিঙ্ক, স্ক্রিনশট, আপলোডকারীর নাম, প্রকাশের সময়সহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করুন। এগুলো পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসবে।