একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম ধাপে আবেদন করেও কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীসহ নির্দিষ্ট কয়েক শ্রেণির শিক্ষার্থীরা এ ধাপে আবেদনের সুযোগ পাবেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হবে।যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, তারা দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।
এ ছাড়া যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি, তারাও আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও রয়েছে এ সুযোগ।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এসব শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে আবেদন করতে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে বলা হয়েছে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। এরপর ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।